আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াড (EGMO)-এ পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য তাদের শুভকামনা জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (BGMF) পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়। প্রধানমন্ত্রী এ উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে একটি তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান।
এ ছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (BdMO) পক্ষ থেকে স্কুল পর্যায়ে Activity-Oriented Mathematics চালুর প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী তাতেও সম্মতি দেন।
স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য IELTS-এর আদলে পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও তুলে ধরা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা দেওয়া হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, IMO-এর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, BGMF-এর চেয়ার প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং BdMO-এর সদস্য মো. আব্দুল হাকিম খান।
এ সময় পদকজয়ী শিক্ষার্থীদের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান (IMO ও EGMO ব্রোঞ্জ), চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী (IMO রৌপ্য), ঢাকা ইমপেরিয়াল কলেজের জাওয়াদ হামীম চৌধুরী (IMO ব্রোঞ্জ), ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারজুক রহমান (IMO ব্রোঞ্জ), আনন্দ মোহন কলেজের তাহসিন খান (IMO ব্রোঞ্জ), রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের এম. জামিউল হোসেন (IMO ব্রোঞ্জ) এবং একই প্রতিষ্ঠানের সাজি সেহনাই (EGMO ব্রোঞ্জ) উপস্থিত ছিলেন।

