নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) রাতে উপজেলার কদমতলী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গৃহবধূর নাম সাজেদা আক্তার (২৬)। তিনি সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী বাজার এলাকার শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে সাজেদা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার স্বামী শাকিল আলম। মামলাটির শুনানি শেষে গত ২২ জুন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই পরোয়ানার ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বুধবার রাতে অভিযান পরিচালনা করে কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকা থেকে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার আসামি সাজেদা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

