১৭ বছরের দীর্ঘ আন্দোলন ও ত্যাগের ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে উল্লেখ করে আন্দোলনকারীদের ত্যাগ ও অবদানকে চিরস্মরণীয় করে রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা পরিষদ সংলগ্ন একটি মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, “শুধু জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামকে ভুলে যাওয়া যাবে না। কোনোভাবেই সেই লড়াই ও ত্যাগকে নিঃশেষ বা অস্বীকার করার সুযোগ নেই।”
আজাদ আরও বলেন, ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নেমে আসা জুলুম-নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, “এই দীর্ঘ আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন। অনেকে ঘরছাড়া ও স্বজনহারা হয়েছেন, বহু মানুষ ব্যবসা-বাণিজ্য ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। তাঁদের এই অসামান্য অবদান আমাদের মাথায় রাখতে হবে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে, তা মূলত ১৭ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রামেরই শেষ ধাপ বা চূড়ান্ত পরিণতি।”
বিএনপির প্রতিষ্ঠাতা ও মূলনীতির কথা স্মরণ করে নজরুল ইসলাম আজাদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এ দল জনগণের আস্থা অর্জন করে প্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল কখনও মিথ্যা ও প্রতারণার রাজনীতি করে না।”
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শহিদুল ইসলাম টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ জেলা ও থানা বিএনপির নেতাকর্মীরা।

