নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জুবায়ের সরদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় জেলার বিভিন্ন জনদুর্ভোগ, অবকাঠামোগত সমস্যা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতে এনসিপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে চলমান পঞ্চবটি সড়কের উন্নয়নকাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়। একই সঙ্গে জেলায় মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
প্রতিনিধি দল ভোলাইল মিস্ত্রির দোকান এলাকা থেকে পঞ্চবটি পর্যন্ত সড়কের ওপর অবৈধভাবে হকার বসার কারণে তীব্র যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিও জেলা প্রশাসকের নজরে আনে। তারা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
জেলা প্রশাসক রায়হান কবির প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে এনসিপির নেতারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে পঞ্চবটি সড়কের কাজ দ্রুত সম্পন্ন হবে, মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং অবৈধ হকারমুক্ত সড়ক নিশ্চিত করে যানজট ও জনদুর্ভোগ কমানো সম্ভব হবে।
তারা একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।

