দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা স্বেচ্ছায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে অফিস প্রাঙ্গণ পরিষ্কার করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, শনিবার জেলার সব উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এর ধারাবাহিকতায় রোববার থেকে জেলার সব সরকারি দপ্তর, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানেও একই কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, শুধু সদর উপজেলাতেই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ৫০ সদস্যের একটি করে স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) দল গঠন করা হবে। এসব দল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আশপাশের এলাকাও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করবে। পাশাপাশি বাজারগুলোকে পরিচ্ছন্ন রাখতে পৃথক কমিটি গঠন এবং সড়ক, বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলগুলোকে পরিচ্ছন্ন রাখার জন্য কমিউনিটিভিত্তিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান এবং মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

