নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জের দীর্ঘদিনের ঐতিহ্যই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সব ধর্মের মানুষের পারস্পরিক সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জ ব্যাপ্টিস্ট চার্জের মিলনায়তনে চার্জের সাবেক সাধারণ সম্পাদক ফ্রান্সিলিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল কালাম বলেন, তাঁর নির্বাচনী এলাকায় দুটি গির্জা রয়েছে এবং সব ধর্মের মানুষের প্রতি সরকার সমান সম্মান প্রদর্শন করে। তিনি বলেন, “আমরা সবাই মানুষ। সমাজবদ্ধভাবে বসবাস করলে সেখানে কোনো ভেদাভেদ থাকে না। তারেক রহমানের সরকার জনকল্যাণমুখী সরকার এবং সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি বলেন, অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত সংগীতের মাধ্যমে ঈশ্বরের প্রতি আস্থার যে প্রকাশ ঘটেছে, তা সব ধর্মের মানুষের বিশ্বাসেরই প্রতিফলন। ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট সম্প্রদায়ের ধর্মচর্চার ভিন্নতা থাকলেও উভয়ের লক্ষ্য মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা।
সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে এমপি বলেন, “আমরা সম্প্রীতি ও সহাবস্থানে বিশ্বাস করি। এখানে যেমন মডেল মসজিদ হয়েছে, তেমনি মন্দিরও হবে। আপনাদের যৌক্তিক দাবি অনুযায়ী গির্জা নির্মাণের পরিকল্পনা নিয়ে এলে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”
তিনি আরও বলেন, কোনো উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন রয়েছে। শুধু অবকাঠামোগত নয়, মানবিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। কারণ, সব ধর্মই মানুষকে শান্তি, সম্প্রীতি ও মানবতার শিক্ষা দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিকল্পনা কর্মকর্তা মঈনুল হক, নারায়ণগঞ্জ ব্যাপ্টিস্ট চার্জের সাধারণ সম্পাদক সৌরভ দেউড়ী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রদীপ ঘোষ ও লিটন পাল এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু।

