নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ফতুল্লার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ শিয়াচরের আলহাজ আলাতুন্নেসা জান্নাতুল বাকী জামে মসজিদ (খানকাহ মসজিদ)-এ জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য জানান, ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আব্দুল্লাহ আল আমিন বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সমাজের মুরব্বি, আলেম-ওলামা, তরুণ প্রজন্ম ও সচেতন নাগরিকদের দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধই এসব অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান নিশ্চিত করতে জনগণকে সতর্ক থাকতে হবে। কোথাও অনিয়ম বা নিম্নমানের কাজ চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ভয়ে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।
জুমার নামাজ শেষে এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।

