নারায়ণগঞ্জে ধীরে ধীরে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার পথে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলা ও মহানগর পর্যায়ের পাশাপাশি থানা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডভিত্তিক সংগঠনকে সক্রিয় করতে ধারাবাহিকভাবে কাজ করছে দলটি। নতুন নেতৃত্ব গড়ে তোলা, সদস্য সংগ্রহ এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে এনসিপি।
দলীয় নেতাদের দাবি, নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রত্যাশা, গণঅভ্যুত্থানের চেতনা এবং সৎ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে সম্পৃক্ত করার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপির সঙ্গে যুক্ত হচ্ছেন। বিশেষ করে তরুণ সমাজের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় সংগঠনের কার্যক্রমে নতুন গতি এসেছে বলে তারা মনে করছেন।
দলীয় সূত্র জানায়, মহানগর এনসিপির সদস্য সংগ্রহ কার্যক্রমের প্রথম ধাপেই দুই শতাধিক ব্যক্তি প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। নতুন সদস্যদের সাংগঠনিকভাবে যুক্ত করার আগে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এ কার্যক্রম তদারকি করছেন মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।
রাজনৈতিক কর্মসূচির দিক থেকেও নিজেদের সক্রিয় উপস্থিতি জানান দিচ্ছে এনসিপি। গত ১৪ জুলাই সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা ও পথসভায় দলটির উল্লেখযোগ্য জনসমাগম ঘটে। কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদিকে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। যদিও এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো প্রার্থীর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে সম্ভাব্য প্রার্থীরা সাংগঠনিক যোগাযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন। একইভাবে জেলা সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদকে সামনে রেখে মাঠে কাজ করছেন।
এদিকে মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। মহানগর সদস্য সচিব আশিকুর রহমান অভি সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এছাড়া সহযোগী সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন মাহমুদ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাজ করছেন। রূপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক ইউসুফ হোসেন রূপগঞ্জ উপজেলা পরিষদ এবং জেলা যুগ্ম সদস্য সচিব রনি খন্দকার আড়াইহাজার পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
দলীয় নেতারা বলছেন, ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন—সব স্তরেই সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলা ও মহানগরের অধিকাংশ ইউনিট কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে সদস্য সংগ্রহ, সাংগঠনিক সম্প্রসারণ এবং সম্ভাব্য নির্বাচনী প্রস্তুতির মাধ্যমে নারায়ণগঞ্জে এনসিপি নিজেদের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

