নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক নারীসহ তিনজনের ওপর হামলা ও বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় আহত শামীমা বেগম (৫৪) সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পূর্ব কলাবাগ এলাকার আব্দুর রশিদ, রাসেল, জুয়েল, মহিউদ্দিন, সাকিব, রোহন, ফেরদৌস, রাশিদা বেগম, তামান্না বেগম, বেবি বেগম, টিনি বেগমসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব কলাবাগ এলাকায় চলাচলের রাস্তা ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় সম্প্রতি শামীমা বেগম তার বাড়ির পুরোনো টিনের বেড়া সংস্কারের কাজ শুরু করলে তা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
ভুক্তভোগীর অভিযোগ, গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় শামীমা বেগমকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। অভিযোগে বলা হয়েছে, আব্দুর রশিদ লোহার রড দিয়ে তার ডান হাত ও ডান পায়ে আঘাত করেন।
শামীমা বেগমকে রক্ষা করতে গেলে তার দেবর নূরুল আমিন (৫২)-কেও মারধর করা হয়। এছাড়া নূরুল আমিনের ছেলে মাহমুদুল হাসান জিসান (১৮)-এর গলা চেপে ধরে হত্যাচেষ্টার অভিযোগও করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় মহিউদ্দিন শামীমা বেগমকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করেন। একই সঙ্গে অভিযুক্তরা বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি ঘটান। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

