নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মোল্লাবাড়ি দিঘিরপাড় এলাকার বাসিন্দা সাগর (২০) নামে এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বাবা মো. রেজাউল হক বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ জুলাই সকাল প্রায় ১০টার দিকে সোহান (২৬), লিওন (২২), সানি (২৩) এবং তাদের সঙ্গে থাকা আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তি সাগরকে মারধর করে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরিবারের দাবি, অভিযুক্তদের সঙ্গে সাগরের পূর্ব থেকে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর সাগরের খোঁজ নিতে অভিযুক্ত সোহানের বাড়িতে গেলে সেখানে উপস্থিত কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে শনিবার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। পরিবারের ভাষ্য অনুযায়ী, ফুটেজে দেখা যায় তিন ব্যক্তি সাগরকে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে খানবাড়ি মোড় থেকে চিতাশাল এলাকার দিকে নিয়ে যাচ্ছে।
সাগরের বাবা মো. রেজাউল হক বলেন, তার ছেলে বর্তমানে কোথায় আছে বা আদৌ জীবিত রয়েছে কি না, সে বিষয়ে তারা কোনো তথ্য জানেন না। তিনি দ্রুত সাগরকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

