নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের দুই নেতার বিরুদ্ধে পৃথক সময়ে চাঁদাবাজি ও প্রভাব খাটানোর অভিযোগ উঠলেও কেন্দ্রীয় যুবদলের নেওয়া ভিন্নধর্মী সাংগঠনিক পদক্ষেপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একই ধরনের অভিযোগে একজনকে তাৎক্ষণিক বহিষ্কার এবং অপরজনকে কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে দায়িত্বে বহাল রাখায় দলীয় নেতাকর্মীদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একই ধরনের অভিযোগে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত সাংগঠনিক বার্তা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। তবে কেন্দ্রীয় যুবদল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
জানা গেছে, গত ২১ জুন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয় এবং পরবর্তীতে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে খায়রুল ইসলাম সজীবকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। ২১ জুন রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না এবং তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ১১ জুলাই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের বিরুদ্ধে আদমজী ইপিজেড এলাকায় একটি ঠিকাদারি কাজকে কেন্দ্র করে ব্যবসায়ী প্রতিনিধি ফরহাদের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিওতে সাহেদকে ব্যবসায়ীকে অশালীন ভাষায় গালাগাল ও বিভিন্ন ধরনের হুমকি দিতে শোনা যায় বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে কেন্দ্রীয় যুবদল সাহেদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে তিনি নোটিশের জবাব দিলে তার বিরুদ্ধে আর কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে দলীয় সূত্রে জানা যায়।
এই দুই ঘটনার পর একই ধরনের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদলের ভিন্ন সিদ্ধান্ত নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, একজনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাৎক্ষণিক বহিষ্কার করা হলেও অন্যজনকে নোটিশের মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা সাংগঠনিক সিদ্ধান্তের ক্ষেত্রে বৈষম্যের ইঙ্গিত দেয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় নেতা বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় সবার জন্য একই নীতি অনুসরণ করা হলে নেতাকর্মীদের মধ্যে আস্থার সংকট তৈরি হতো না।
তবে কেন্দ্রীয় যুবদলের কোনো দায়িত্বশীল নেতা এখন পর্যন্ত দুই ঘটনার ভিন্ন সিদ্ধান্তের কারণ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।
রাজনৈতিক মহলের অভিমত, অভিযোগের গুরুত্ব, তদন্তের অগ্রগতি এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত ভিন্ন হতে পারে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট ব্যাখ্যা এলে বিতর্ক অনেকটাই কমে আসতে পারে।

