মাদককে সমাজের অন্যতম বড় ব্যাধি হিসেবে চিহ্নিত করে এর বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার মাধ্যমে মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে আরও কঠোর আইনি কাঠামো তৈরি হয়েছে। নতুন আইনে সাইবার স্পেস ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ কিংবা আর্থিক লেনদেনের মতো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া প্রযুক্তিনির্ভর মাদক অপরাধ দমনে দেশের প্রতিটি থানায় মাদক-সংক্রান্ত মামলা তদারকির জন্য পৃথক সেল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার ভাষ্য, শুধু আইন প্রয়োগ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি জানান, গত জুন মাসে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ৮৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মাদক সেবনকারী, ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ড, জরিমানা এবং নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসকের মতে, কেবল অভিযান নয়, প্রতিরোধমূলক উদ্যোগও সমান গুরুত্ব পাচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।
মো. রায়হান কবির বলেন, “মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই অভিযান ভবিষ্যতেও একই কঠোরতায় চলবে।”
তিনি আরও বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি এবং অধিকাংশ অপরাধের অন্যতম প্রধান উৎস। মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসন একসঙ্গে কাজ করতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে। নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

