সরকারি কলেজের সঙ্গে প্রতিযোগিতার এই সময়ে জনআস্থা অর্জনের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নারায়ণগঞ্জ কলেজকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও কলেজটির প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, সুশাসন, মানসম্মত শিক্ষা ও দক্ষ পরিচালনার মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানটির সুনাম প্রতিষ্ঠার সুযোগ রয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জ কলেজের নবগঠিত গভর্নিং বডির সদস্যরা সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নবী হোসেনের নেতৃত্বে এমপি অ্যাডভোকেট আবুল কালামের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি কলেজের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ কলেজের আশপাশে একাধিক সরকারি কলেজ থাকায় স্বাভাবিকভাবেই শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ সেদিকে বেশি থাকে। তবে এই বাস্তবতাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, সুশাসন এবং জনআস্থা অর্জনের মাধ্যমে নারায়ণগঞ্জ কলেজকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, একটি বেসরকারি কলেজ হিসেবেও জেলা ও বিভাগ অতিক্রম করে জাতীয় পর্যায়ে নিজেদের স্বতন্ত্র অবস্থান গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
তিনি স্মৃতিচারণ করে বলেন, ১৯৮০ সালে তাঁর বাবা, তৎকালীন সংসদ সদস্য আলহাজ জালাল উদ্দিন আহমেদের উদ্যোগে নারায়ণগঞ্জ কলেজ প্রতিষ্ঠিত হয়। সে সময় অনেকেই কলেজটির নাম তাঁর বাবার নামে রাখার পরামর্শ দিলেও তিনি নারায়ণগঞ্জের পরিচিতিকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানের নাম ‘নারায়ণগঞ্জ কলেজ’ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি একই আদর্শ অনুসরণ করেছেন বলে উল্লেখ করেন।
এমপি আবুল কালাম বলেন, কলেজ পরিচালনার দায়িত্ব বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে। নবগঠিত গভর্নিং বডির নেতৃত্বে নারায়ণগঞ্জ কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতার জন্য এমপি আবুল কালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২৬-২০২৮ মেয়াদের গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মাহবুবুল আলম, রহিমা শরীফ মায়া ও রফিকুল ইসলাম। দাতা সদস্য হিসেবে রয়েছেন প্রবীর কুমার সাহা, হিতৈষী সদস্য আবুল কাউসার আশা এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আবুল কালাম, মো. ইসমাইল হোসেন শেখ ও আমিনুর রহমান মিঠু। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মাহমুদা খাতুন, ড. সাবিত্রী রাণী দত্ত ও ফুয়াদ হাসান। পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা।
সৌজন্য সাক্ষাৎকালে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সামসুন নূর বাঁধন এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ফয়সল আজিজ তুষারও উপস্থিত ছিলেন।

