আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
শনিবার (১১ জুলাই) রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় রথযাত্রার শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার গুজবে কান না দিয়ে সন্দেহজনক কোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।
এ সময় পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের প্রতিনিধি, ইসকন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

