জনপ্রিয় মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সুইট নেশন তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে বুধবার নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া আউটলেটে কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইট নেশনের কর্ণধার ফকরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবার্স (প্রা.) লি.-এর পরিচালক তাইজুল ইসলাম রাজীব, মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান, এজিএম মনির হোসাইন বিদ্যুৎ, এডমিন ম্যানেজার হাবিবুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই সুইট নেশন বিশুদ্ধতা, স্বাদ ও গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদন করে আসছে। গ্রাহকের সন্তুষ্টিকেই প্রতিষ্ঠানটি সবসময় অগ্রাধিকার দিয়েছে। এ কারণে অল্প সময়ের মধ্যেই সুইট নেশন গুণে, মানে ও স্বাদে ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, সুইট নেশনের সিগনেচার পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ও আধুনিক মিষ্টি। পাশাপাশি কেক, পেস্ট্রি, বিস্কুট, ব্রেডসহ নানা ধরনের বেকারি পণ্যও উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। উন্নতমানের কাঁচামাল ব্যবহার, স্বাস্থ্যসম্মত উৎপাদন প্রক্রিয়া এবং কঠোর মান নিয়ন্ত্রণের কারণে প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। নারায়ণগঞ্জে জনপ্রিয়তা অর্জনের পর বর্তমানে ঢাকায়ও সুইট নেশনের পাঁচটি আউটলেট সফলভাবে পরিচালিত হচ্ছে এবং সেখানকার গ্রাহকদের কাছেও প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরাও সুইট নেশনের পণ্যের প্রশংসা করেন। তাদের ভাষ্য, সুইট নেশনের মিষ্টি ও বেকারি পণ্য স্বাদ, মান ও বিশুদ্ধতার কারণে অন্যদের থেকে আলাদা। শিশু থেকে শুরু করে পরিবারের সব বয়সী সদস্যের কাছে প্রতিষ্ঠানটির পণ্য সমানভাবে জনপ্রিয়। ফলে উৎসব, পারিবারিক অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে অনেকেই নির্ভরতার সঙ্গে সুইট নেশনের পণ্য বেছে নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথিরা সুইট নেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও মানসম্মত, সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদনের ধারাবাহিকতা বজায় রেখে গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

