নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী গ্রহণ করা কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. রায়হান কবির।
আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত এবং সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী কণ্ঠস্বর নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা তরুণদের মাঝে নজরুলচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা জাতীয় কবির কালজয়ী নজরুলসংগীত পরিবেশন করেন। সুর, সংগীত ও মনোমুগ্ধকর পরিবেশনায় মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নজরুল গবেষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার বিশিষ্টজন, কবি, সাহিত্যিক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন এবং ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর তিন দিনব্যাপী কর্মসূচি।

