বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি সফল করতে জেলা ও মহানগর যুবদল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
ডেইলি নারায়ণগঞ্জ পুয়েন্টিফোর ডটকমকে মনিরুল ইসলাম সজল বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিএনপির শীর্ষ নেতৃত্বকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। অতীতের ধারাবাহিকতায় এখনও একটি মহল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভ্রান্তিকর ও অশালীন বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতে তারেক রহমান যে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, তা প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষের কিছু ব্যক্তি ও একটি দলের নেতাকর্মীদের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
সজল আরও বলেন, মতের ভিন্নতা থাকলেও রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সম্মান ও শালীনতা বজায় রাখা প্রয়োজন। ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি কিংবা ভিত্তিহীন প্রচারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানাতেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
তিনি জেলা ও মহানগর যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সময়মতো উপস্থিত থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক দলের সদস্য ইয়াসিন ফেরদৌস মুরাদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম।

