নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশগত বিধি লঙ্ঘনের দায়ে দুইটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বন্দর উপজেলার মদনপুরের কেওঢালা এলাকায় অবস্থিত খান ব্রিকস ম্যানুফেকচারারকে ৭০ হাজার টাকা এবং কেওঢালা বাগদোবাড়িয়া এলাকার মেসার্স আল্লাহ মহান ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সংক্রান্ত আইন অমান্য করে ইটভাটা পরিচালনার অভিযোগে এই অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এছাড়া পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযানে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান জানান, জরিমানার পাশাপাশি দুই ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী শিল্পকারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে পরিবেশবিধি পরিপালনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আইন মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

