নারায়ণগঞ্জে বিতর্কিত রাজনৈতিক সংস্কৃতির অবসান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব জুলফিকার হায়দার বিপ্লব।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিছু বিতর্কিত ব্যক্তি ও গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়ে আসছে। জনগণের কল্যাণ ও গণতান্ত্রিক চর্চার পরিবর্তে প্রভাব বিস্তার, ভয়ভীতি এবং নানা অভিযোগনির্ভর কর্মকাণ্ড জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা নতুন করে সামনে এসেছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, পরিবহন খাতে অনিয়ম, সাংবাদিক ও আইনজীবীদের ওপর হামলা, মাদক সংশ্লিষ্টতা এবং ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগ জনপরিসরে আলোচিত হয়ে আসছে বলে দাবি করা হয়।
জুলফিকার হায়দার বিপ্লব বলেন, এসব অভিযোগ যদি ভিত্তিহীন হয়ে থাকে তবে জনগণের সামনে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। অন্যদিকে অভিযোগগুলোর সত্যতা থাকলে সেগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় কোনো ব্যক্তিকে জবাবদিহিতার ঊর্ধ্বে স্থান দিতে পারে না। যারা জনগণের প্রতিনিধিত্বের দাবি করেন, তাদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে জনগণের প্রশ্নের উত্তর দেওয়ার নৈতিক দায়িত্ব রয়েছে।
বিবৃতিতে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের বিতর্কিত ব্যক্তিদের প্রভাব বজায় রাখার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থাও দুর্বল হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপি নেতা প্রশাসনের প্রতি জনমনে প্রচলিত গুরুতর অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ অনুসন্ধানের আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃত্বকে পরিচ্ছন্ন, গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ ভয়, প্রভাব ও বিতর্কের রাজনীতি নয়; বরং জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রত্যাশা করে। তাই সময় এসেছে জনগণের সামনে সব প্রশ্নের জবাব দেওয়ার এবং বিতর্কের অবসান ঘটিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার।

