নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইউএনও গোল্ডকাপ-২০২৬ আয়োজনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলনকক্ষে আয়োজিত সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, দলগুলোর অংশগ্রহণ, মাঠ ব্যবস্থাপনা এবং খেলাধুলার পরিবেশ উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এবারের গোল্ডকাপে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি ফুটবল ক্লাবসহ মোট আটটি দল অংশ নেবে। ইউনিয়ন পরিষদের সাত চেয়ারম্যান নিজ নিজ দলের দায়িত্ব পালন করবেন। প্রতিটি ম্যাচ নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলার সামগ্রী সরবরাহ করা হবে।
সভায় উপজেলার ক্রীড়া অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, সাতটি ইউনিয়নে সাতটি খেলার মাঠ তৈরি, প্রতিটি ইউনিয়নে একজন করে লাইসেন্সধারী প্রশিক্ষক নিয়োগ এবং খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুমের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
ফুটবলের পাশাপাশি ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসের মতো খেলাধুলার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথাও সভায় তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত থাকা প্রয়োজন। নিয়মিত খেলাধুলা তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। ইউএনও গোল্ডকাপের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করার সুযোগ তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ছাত্র ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে উপজেলা ক্রীড়া সংস্থা। এ লক্ষ্যেই উপজেলা পর্যায়ে ইউএনও গোল্ডকাপ আয়োজন করা হচ্ছে। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং খেলাধুলার প্রচার বাড়ানো গেলে সাধারণ মানুষের মধ্যেও ক্রীড়াচর্চার আগ্রহ বাড়বে বলে তিনি মনে করেন।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন এবং ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ ও রাজনৈতিক নেতারা।

