মানবিক ও জনকল্যাণমূলক সেবা সম্প্রসারণে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নতুন উদ্যোগ গ্রহণ করেছে। শহরের এলজিডি ভবনের বিপরীতে আধুনিক ‘লাশ ধোয়ার ঘর’ এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কাজের মান অক্ষুণ্ন রেখে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন এ স্থাপনায় সব ধর্মের মৃতদেহ গোসল ও সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়া বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে মৃতদেহ স্বজনদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হবে। ফলে শোকাহত পরিবারগুলো জরুরি সময়ে প্রয়োজনীয় সহায়তা সহজেই পাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের একটি আধুনিক সেবাকেন্দ্র গড়ে উঠলে মৃতদেহ পরিবহন ও শেষকৃত্য সংক্রান্ত নানা দুর্ভোগ কমবে। পাশাপাশি জরুরি রোগী পরিবহন সেবাও আরও গতিশীল হবে।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “মানুষের জীবনের শেষ যাত্রাটুকুও মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পন্ন হওয়া উচিত। সেই ভাবনা থেকেই আধুনিক লাশ ধোয়ার ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড স্থাপন করা হলে জরুরি সেবা আরও সহজলভ্য হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে জেলা পরিষদ মানুষের পাশে থাকতে চায়।”
তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যেন এ সেবা গ্রহণ করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। মানবিক এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন ও আব্দুল্লাহ আল নোমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাহিদুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী তাতী দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে জনগণের জন্য সেবাটি চালু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে।

