নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর একটি পিলারের নিচ থেকে মাটি অপসারণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এভাবে মাটি কাটতে থাকলে সেতুর স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অনুমতিপত্র দেখিয়ে পিলারের আশপাশের মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী একটি মহল এ কার্যক্রম পরিচালনা করছে।
ঘটনার বিষয়ে ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সেতুটি রেলওয়ের হলেও এর তদারকির দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্টরা দাবি করেছেন, প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে তারা কাজের অনুমোদন পেয়েছেন।
তবে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। ফলে প্রকৃতপক্ষে মাটি কাটার অনুমতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত মাটি কাটার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

