নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ছাদ থেকে ডেকে নিয়ে সিঁড়িতে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহেল সরকার (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১০ জুন) ভোরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের রামারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল সুনামগঞ্জ জেলার ধীরাই থানার নয়াগাঁও গ্রামের সুমেন সরকারের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটি নিজ বাড়ির ছাদে খেলছিল। এ সময় অভিযুক্ত সোহেল কৌশলে তাকে ডেকে ভবনের সিঁড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটি চিৎকার শুরু করলে সোহেল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রাতে শিশুটি তার মাকে পুরো বিষয়টি খুলে বললে, পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ফতুল্লা মডেল থানায় যোগাযোগ করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ জানান, “ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। আজ ভোরে রামারবাগ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা।”
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

