ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু। সম্প্রতি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে তাকে নারায়ণগঞ্জে আনা হলে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের দিন ৫ আগস্ট বিকেলে আড়াইহাজার থানায় হামলার ঘটনা ঘটে। মামলায় উল্লেখ করা হয়, একদল হামলাকারী পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে থানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যদের ওপরও আক্রমণ করা হয়।
এ ঘটনায় আড়াইহাজার থানার এসআই শফিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেন অনুকে আসামি করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

