ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে বর্তমানে তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলাতেই জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। তাদের দাবি, আইভীর কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।
রবিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে গত ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় আইভীকে জামিন দেন। পরে সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।
আদালত সূত্র জানায়, এই দুই মামলাসহ বর্তমানে মোট ১২টি মামলায় আইভীর জামিন কার্যকর রয়েছে। ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তার মুক্তির পথ আরও পরিষ্কার হয়েছে।
গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
প্রথমদিকে পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন। পরবর্তীতে গত ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও জামিন দেন আদালত। কিন্তু সেসব জামিনও পরবর্তীতে স্থগিত করা হয়।
এদিকে নতুন করে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সর্বশেষ আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের মাধ্যমে ওই দুই মামলাতেও জামিন বহাল থাকায় বর্তমানে আইভীর বিরুদ্ধে থাকা সব মামলাতেই জামিন কার্যকর রয়েছে।

