ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং রনি (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ মে) তসলিমপট্টি এলাকায় গিয়াস উদ্দিন উকিলের বাড়ির পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রনি কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ফতুল্লা থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
অভিযানে তার কাছ থেকে ১৫টি স্টিলের তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের কুড়াল ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এসব অস্ত্র এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার এবং রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার রনিকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত ৬ মে পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ডেভিট, রাসেলসহ তিনজনকে আটক করলেও পরে আব্দুল্লাহ নামে আরেক শীর্ষ সন্ত্রাসীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত পুলিশকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতকড়াসহ আসামিদের ছিনিয়ে নেয়।
পুলিশের ভাষ্য, বাবুরাইল এলাকার সবুজ ও আজাদ গ্রুপের ছত্রছায়ায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে।

