ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। তিনি স্পষ্টভাবে বলেছেন, শহরের ফুটপাতে কোনো হকার বসতে দেওয়া হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
৫ এপ্রিল নারায়ণগঞ্জে একটি সামাজিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘হকার ইস্যু নয়, মূল বিষয় হলো ফুটপাত দখলমুক্ত রাখা। এ জন্য যা যা করা দরকার আমরা তাই করবো।’
আবুল কাউসার আশা আরও বলেন, আদর্শিক কাজ করতে গেলে নানা ধরনের চাপ ও ভুল ব্যাখ্যার মুখোমুখি হতে হয়। তিনি জানান, একটি ভালো পরিবার থেকে উঠে এসে জনসেবার কাজ করতে গিয়ে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
তিনি বলেন, ‘আমাকে অযথা সন্ত্রাসী বানানোর চেষ্টা করবেন না, আবার যুবরাজও বানাবেন না। আমি শুধু আমার পরিবারের কাছে যুবরাজ। আমি এই শহরের সন্তান, শহরের মানুষের জন্য কাজ করতে চাই।’
নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

