ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার (৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।
স্থানীয় সূত্র জানায়, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় পুলিশের একটি অভিযানে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করেছে।
যুবদলের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশীশক্তি প্রদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে শামীম মিয়াকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত এই নেতার কোনো কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না এবং দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

