ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি ও যুবদল নেতা শামীম মিয়াকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় হামলাকারীরা শামীমকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার (৫ মে) ভোরে এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে শামীম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হলে পরিবারের সদস্যরা বাধা দেয়। পরে তাদের সহযোগীরা এসে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে হামলা চালায় এবং একপর্যায়ে শামীমকে ছিনিয়ে নিয়ে যায়। হামলার সময় পুলিশের একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। পরে ওয়াকিটকি উদ্ধার করা সম্ভব হলেও মোবাইলগুলো এখনও উদ্ধার হয়নি।
ঘটনার পরপরই অভিযান জোরদার করে পুলিশ ও র্যাব। যৌথ অভিযানে শামীমের স্ত্রীসহ অন্তত ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে।
জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম জানান, গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যরা সহযোগীদের খবর দিলে তারা পুলিশকে ঘিরে ফেলে। পরিস্থিতির সুযোগে শামীম পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ঘটনার পর বিকেলে কেন্দ্রীয় যুবদল শামীম মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে। এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব তারা নেবে না এবং নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

