ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নৌখাদা এলাকার রতন মিয়া ছেলে আল-আমিন (৩২) ও একই উপজেলার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২৬)।
রোববার (১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার গঙ্গানগর এলাকার ট্রাইকম নামক একটি প্রতিষ্ঠানের মালামাল আনলোডের সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর সংলগ্ন গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে কাজল ঘোষের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাইকম গ্রুপের মালামাল আনলোড সেকশনে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ নামক যন্ত্রটি আনলোড করার কাজে নিয়োজিত শ্রমিকদের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আল-আমিন নামে একজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান, তার নামও আল-আমিন।

