নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা ও নাশকতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। দলটির নেতারা বলেছেন, নগরজুড়ে নজরদারি অব্যাহত থাকবে এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা হলে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে শহরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে নিতাইগঞ্জে নগরভবনের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু।
সমাবেশে টিপু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে কিংবা কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে বিএনপি তা প্রতিহত করবে। তিনি জানান, কয়েকদিন ধরেই বিএনপির নেতাকর্মীরা মাঠে অবস্থান করছেন এবং আগামী ২৬ জুন রাত পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, “যেখানেই সন্ত্রাসীদের পাওয়া যাবে, সেখান থেকেই তাদের ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। নারায়ণগঞ্জের মানুষকে আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছে জিম্মি হতে দেব না।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে টিপু বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাস ও ভূমিদস্যুতার বিরুদ্ধে দলটি অবস্থান নিয়েছে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম উল্লেখ করে টিপু বলেন, তাদের অনুসারীদের রাজপথে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন, কিন্তু রাজপথ ছাড়েননি।
সমাবেশে তিনি নারায়ণগঞ্জবাসীকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় নজরদারি বাড়াতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
উল্লেখ্য, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নজরদারি দেখা গেছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

