ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের নিরাপত্তার একাধিক সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত যানজট মুক্ত রাখা ও নৌদুর্ঘটনা নিয়ন্ত্রণে আগামী ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ৮ দিন বালুবাহী বাল্কহেড দিনেরাতে সার্বক্ষণিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ঈদযাত্রার নৌপথের সার্বিক নিরাপত্তা বিষয়ে আজ বৃহস্পতিবার নৌমন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত থাকবেন বলে নৌমন্ত্রণালয়ের সূত্র জানায়।
নৌমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিবছরেই ঈদের আগে নৌপথের সার্বিক নিরাপত্তা নিয়ে বৈঠক করা হয়। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নৌপথের ঈদপ্রস্তুতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এবার যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে, তাই বৈঠকে নৌপথের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া সড়ক, রেল ও নৌমন্ত্রণালয়ে তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নৌমন্ত্রণালয় সূত্র জানায়, ঈদযাত্রার প্রস্তুতির বৈঠকে এবার ৩২ বিষয় গুরুত্বে আলোচনা করা হবে। এগুলো হলো- ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত যানজটমুক্ত রাখা; বাল্কহেড ও ডিঙ্গী নৌকা চলাচল বন্ধ রাখা; রাতের বেলায় স্পিড বোট চলাচল বন্ধকরণ; ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা; নির্ধারিত সময়সূচি অনুযায়ী নৌযান চলাচল; অতিরিক্ত ভাড়া আদায় না করা; অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন না করা;
ফিটনেসবিহীন নৌযান ও ফেরি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ; নদীর মাঝপথে যাত্রী না উঠানো; পুলিশি টহল বৃদ্ধি করা; যাত্রীবাহী লঞ্চে আনসার মোতায়েন; মোবাইল কোর্ট পরিচালনা ও ভিজিলেন্স টিম গঠনসহ ৩২ বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।
জিরো পয়েন্ট-সদরঘাট পর্যন্ত যানজট মুক্ত রাখা ॥ বরিশালসহ দক্ষিণাঞ্চলের বেশি যাত্রীবাহী লঞ্চ ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে ছেড়ে যায়। সদরঘাটের যাত্রীর যাতায়াতের জন্য গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক ১৫ রমজান থেকে ঈদের ৩ দিন পর পর্যন্ত যানজট মুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। সদরঘাটে আইনশৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসারসহ কমিউনিটি পুলিশের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সদরঘাট টার্মিনালের সামনের রাস্তা হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তার দুপাশে মিনিবাস, লেগুনা, অটোরিক্সা ও টেম্পোসমূহ যাতে এলোমোলোভাবে অবস্থান না করে, সেজন্য নির্ধারিত স্ট্যান্ডে পার্কিং নিশ্চিত করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসসমূহকে ভিক্টোরিয়া পার্ক এলাকায় মেইন রোডের পরিবর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে পার্কিং করার ব্যবস্থা করতে হবে। এছাড়া সদরঘাট টার্মিনাল ও লঞ্চসমূহ হকারমুক্ত রাখতে ব্যবস্থা নেওয়া।
রাতের বেলায় স্পিড বোট চলাচল বন্ধ ॥ রাতের বেলায় স্পিড বোট চলাচল বন্ধ করা এবং দিনের বেলায় স্পিড বোট চলাচলের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা: ঈদের দিনসহ ঈদের পূর্বে ১৭ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত এবং ঈদের পরে ২২ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখতে হবে।
অতিরিক্ত ভাড়া আদায় না করা ॥ কোনো অবস্থায় লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। বিআইডব্লিউটিএ কর্তৃক অনুমোদিত ভাড়ার তালিকা সকল নদীবন্দর, টার্মিনাল, ঘাট ও নৌযানে দৃশ্যমানভাবে টাঙিয়ে প্রচারের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে নৌযানের রুট পারমিট বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট লঞ্চ মালিক বা চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন না করা ॥ কোনোক্রমেই লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবে না; লঞ্চের ছাদে যাত্রী উঠানো যাবে না। এ বিষয়টি কঠোরভাবে মনিটরিংয়ের জন্য নৌপরিবহন অধিদপ্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল নৌযান তার নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রীসেবা প্রদান করবে। কোনো নৌযান নির্ধারিত সিরিয়াল ব্রেক করলে উক্ত নৌযানের লাইসেন্স বাতিলসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভ্যন্তরীণ নৌপথে ফিটনেসবিহীন নৌযান ও ফেরি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ বিষয়ে নৌপরিবহন অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। নদীর মাঝপথে যাত্রী না উঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই নদীর মাঝপথ থেকে নৌকা দিয়ে লঞ্চে বা নৌযানে যাত্রী উঠানো যাবে না।
প্রতিটি লঞ্চে ৪ জন আনসার মোতায়েন ॥ নৌপথে ডাকাতি, চাঁদাবাজি এবং শ্রমিক ও যাত্রীদের হয়রানি ও ভীতিমূলক অবস্থা প্রতিরোধ করার জন্য নিয়মিত টহলের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হবে; বিশেষ করে রাতে টহল জোরদার করা হবে। যাত্রী নিরাপত্তার স্বার্থে সকল লঞ্চে ১৫ রমজান থেকে ঈদ পরবর্তী ৩ দিন পর্যন্ত ন্যূনতম ৪ জন আনসার সদস্য মোতায়েনের জন্য লঞ্চ মালিকগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এ জন্য লঞ্চ মালিকগণ সরকার নির্ধারিত ডিউটি ভাতা প্রদান করবে।
পাশাপাশি ফেরিঘাট, লঞ্চঘাট এবং স্পিড বোট ঘাটসমূহে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রত্যেক ঘাট এলাকায় যাত্রীদের জানমালের নিরাপত্তার জন্য স্থানীয় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌপুলিশ ও কোস্ট গার্ড সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদযাত্রায় নৌপথের নিরাপত্তায় একাধিক সিদ্ধান্ত
Leave a Comment

