ত্রিদেশীয় সিরিজের আগে দলের প্রত্যেক ক্রিকেটারকে নিজেদের ভূমিকা বুঝিয়ে দিয়েছেন অধিনায়ক লিটন দাস। সতীর্থদের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে বলে জানিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার বিশ্বাস, নেতৃত্বে লিটন ভালো করবেন এবং দল হিসেবেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে বাংলাদেশ।
আসন্ন ত্রিদেশীয় সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে লিটনের। অধিনায়ক হিসেবে তার পরিকল্পনা ও বার্তা নিয়ে জানতে চাইলে মোসাদ্দেক জানান, দলের মধ্যে আলোচনা হয়েছে। সেখানে প্রত্যেকের ভূমিকা স্পষ্ট করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বলেন, ‘আমরা গতকাল রাতেও ক্যাপ্টেনসহ নিজেদের মধ্যে আলোচনা করেছি। সেখানে সবাই সবার রোলটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়, সবাই সবার রোলের জায়গা থেকে খুবই ক্লিয়ার।’
লিটনের নেতৃত্বগুণের ওপরও আস্থা রয়েছে এই অলরাউন্ডারের। দীর্ঘদিনের সতীর্থ হিসেবে লিটনের খেলা বোঝার ক্ষমতা কাছ থেকে দেখেছেন তিনি। বিশেষ করে উইকেটের পেছনে দাঁড়িয়ে খেলা পড়ার দক্ষতাকে ইতিবাচকভাবে দেখছেন মোসাদ্দেক।
তিনি বলেন, ‘লিটনকে তো আমরা অনেক দিন থেকেই দেখছি। খুবই এক্সাইটিং ক্যাপ্টেন। ও উইকেট কিপিংয়ে পেছনে দাঁড়িয়ে যেভাবে গেমটা রিড করতে পারে, আমার কাছে মনে হয় সেটা এক্সিলেন্ট। আমার কাছে মনে হয়, ও ক্যাপ্টেন হিসেবে ভালো করবে এবং দল হিসেবে আমরা সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজকে তাই দলীয় সমন্বয় ও নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন মোসাদ্দেক। তার মতে, ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দল হিসেবে কতটা ভালো খেলা যাচ্ছে, সেটিই হবে আসল মাপকাঠি।
ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে আবহাওয়াও চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন মোসাদ্দেক। বাংলাদেশের তুলনায় গরম বেশি হওয়ায় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা।
মোসাদ্দেক বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। আমাদের দেশের থেকে এখানে একটু গরম বেশি। গতকালকের থেকে আজকে ওয়েদারটা একটু বেশি হট। আমরা যারা পরে আসছি, মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়, আজকে এবং কালকের প্র্যাকটিসটা আমাদের প্রথম ম্যাচের জন্য সেই অ্যাডজাস্টমেন্ট করতে সাহায্য করবে।’

