নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবেশে বাসে উঠে দুই ব্যক্তি আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন বাসচালক। এ ঘটনায় বাসটির ভেতরের আসনসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় কম্বল মার্কেটের সামনে প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশুলিয়া থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১৫-১২৫২ নম্বরের মঞ্জিল পরিবহনের বাসটি চট্টগ্রাম রোডের দিকে যাচ্ছিল। বাসটি সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় পেছনের অংশে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে চালক বাসটি থামিয়ে দেন। এ সময় বাসে থাকা চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে কাঁচপুর ও শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের ভেতরের আসনসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাসচালকের বরাত দিয়ে তিনি বলেন, দুই ব্যক্তি যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন লাগিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়। ওই দুই ব্যক্তি ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিলেন না।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ঘটনার সময় বাসে দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তাঁরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

