নারায়ণগঞ্জের বন্দরে সংসদ সদস্য ও ইসলামি বক্তা মাওলানা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে তাফসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাহফিলের আয়োজন ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ।
তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ইসলামি চিন্তাবিদ ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজার।
প্রস্তুতি পরিদর্শন শেষে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, আমির হামজার আগমন উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে তাঁরা মাহফিল উপভোগ করতে চান। এ সময় তিনি সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান, সংসদ সদস্য আবুল কালামের মাহফিলে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি আসতে পারবেন না। একই সঙ্গে আমির হামজার বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ওলামায়ে কেরামের উদ্দেশে তিনি বলেন, মাহফিলে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছেন তাঁরা। বক্তব্যে কোনো আপত্তিকর বিষয় উঠে এলে তাৎক্ষণিক প্রতিবাদ করার আহ্বানও জানান তিনি।
মাহফিল আয়োজনের প্রশাসনিক অনুমতির বিষয়ে জানতে চাইলে মাওলানা মইনুদ্দিন আহমাদ জানান, প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার উপস্থিত ছিলেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীও। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক আলহাজ ইসহাক খান।
মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় থাকবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং বন্দর থানা উত্তর জামায়াতে ইসলামীর আমির মুফতি আতিকুর রহমান।
আয়োজকেরা জানিয়েছেন, মাহফিলে নারীদের জন্য পৃথকভাবে ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হয়েছে।

