নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ রাজনৈতিক কর্মসূচির নামে জনসাধারণের জানমালের ক্ষতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না।
জেলা যুবদলের সদস্য সচিব রনি আরও বলেন, ১৯ নভেম্বরকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কোনো কর্মসূচির নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। লকডাউনের নামে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সতর্ক থাকবেন।
তিনি বলেন, দেশের মানুষ আর কোনো অরাজকতা দেখতে চায় না। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষকে জিম্মি করার দিন শেষ। নারায়ণগঞ্জের কোথাও যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে যুবদলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
মশিউর রহমান রনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ শান্তি প্রিয় তাদের শান্তি নষ্ট করার চেষ্টা করলে গণধোলাই দেওয়া হবে। অবৈধ সংগঠনের কোন কর্মসূচি এ দেশে পালন হবে না ।
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ ও প্রতিরোধমূলক কর্মসূচি পালন করছেন।

