নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই। স্থানীয়ভাবে তিনি স্বপন পোদ্দার নামেই পরিচিত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।
বুধবার (২১ অক্টোবর) সকালে সোয়া ৮টায় নারায়ণগঞ্জের মাসদাইর সিটি করপোরেশন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পারিবারিক ও ব্যক্তিগত জীবনে এক উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে ২০২৪ সালের ২১ অক্টোবর ইসলাম ধর্ম গ্রহণ করেন স্বপন পোদ্দার। ধর্মান্তরের পর তাঁর নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর প্রয়াণে স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

