রান্নার সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আসরের নামাজের পর নগরীর মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি চাষাড়া এলাকা প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।
সমাবেশে বক্তারা বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে সংসারের ব্যয়ভার সামাল দেওয়া কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে।
তাঁরা বলেন, বাজারের ওপর কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে দ্রুত বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। একই সঙ্গে সিলিন্ডার গ্যাসের দাম কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল কাইয়ূম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ বিভিন্ন থানা ও মহানগর পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকেরা।

