ক্লাব ও স্পেন জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্স করছেন পাউ কুবারসি। আর সেই পারফরম্যান্সের পুরস্কারও পেলেন বার্সেলোনার এই ডিফেন্ডার। জিতেছেন গোল্ডেন বয় অ্যাওয়ার্ড। ২০ বছরে পা রাখার মাসদুয়েক আগেই জিতলেন এই খেতাব।
স্পেনে দ্বিতীয় বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন কুবারসি। সেই পারফরম্যান্সে জেতেন আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। পাশাপাশি বার্সেলোনার রক্ষণভাগ সামলে দলকে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জেতাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
প্রতিবছর গোল্ডেন বয় পুরস্কারটি দেওয়া হয় সাংবাদিকদের ভোটে। ক্যালেন্ডার বছরে ইউরোপের শীর্ষ লিগে খেলা অনূর্ধ্ব-২১ বয়সী ফুটবলারদের মধ্য থেকে সেরা তরুণ খেলোয়াড়কে দেওয়া হয় এই স্বীকৃতি।
পুরস্কার গ্রহণের পর ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্তের প্রচারিত এক ভিডিওতে কুবারসি বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি খুব গর্বিত। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘এটা অসাধারণ একটি বছর ছিল। আমরা আরও সাফল্যের জন্য এগিয়ে যাচ্ছি।’
২০১৮ সালে নেদারল্যান্ডসের ম্যাথিয়াস ডি লিখটের পর প্রথম ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জিতলেন কুবারসি। ২০০৩ সালে পুরস্কারটি চালুর পর মাত্র দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে এই কৃতিত্ব গড়লেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সকে কুবারসি বলেন, ‘ডিফেন্ডারদের স্বীকৃতি পাওয়া কঠিন। কারণ, আমরা তুলনামূলকভাবে কম আলোচনায় থাকি। ফরোয়ার্ডরা অনেক গোল করে, অ্যাসিস্ট করে এবং তাদের খেলার ধরনও বেশি আকর্ষণীয়। তাই তারা সহজেই সবার নজরে আসে। দিনের শেষে আমাদের কাজ হয়তো ততটা দৃশ্যমান নয়।’
উত্তর আমেরিকায় চলতি বছর বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে। আসরে মাত্র একটি গোল হজম করে দলটি। ২০২১ সালের পর বার্সেলোনার সতীর্থ লামিনে ইয়ামাল, গাভি ও পেদ্রির পর ক্লাবটির চতুর্থ খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় জিতলেন কুবারসি।
এদিকে গোল্ডেন গার্ল পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ ও সুইডেনের ফরোয়ার্ড ফেলিসিয়া শ্রোডার।

