নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় আসামি কবির হোসেন (৬০) কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজারের সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় র্যাব-১১ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিয়ারচর এলাকার বাসিন্দা। তিনি জহির ফকির হত্যা মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁ থানার চরকিশোরগঞ্জ এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকির নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ জানায়, ঘটনার পর থেকেই গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত এবং তাঁদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা চলছিল। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫-এর সহযোগিতায় কক্সবাজারে যৌথ অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

