দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে একসঙ্গে থাকা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতারা। দলের স্থগিতাদেশ প্রত্যাহার এবং সিনিয়র সহসভাপতি আলহাজ আবদুল্লাহ আল মামুনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে আলোচনা সভা করেছেন তারা।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকার একটি রেস্টুরেন্টে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপির সহসভাপতি সেলিম মাহমুদ, একেএম সামছুল হক ও ডি এইচ বাবুল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, থানা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক কাজী জহির, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ডালিম প্রধান, সদস্য জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন, “আমরা একসঙ্গে ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। একসঙ্গে ধানখেতে গিয়েছি, পাটখেতে গিয়েছি, অন্যের বাড়িতে থেকেছি। রাস্তায় থেকেও যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, তাহলে এখন কেন পারব না?”
তিনি বলেন, এখন তাদের প্রধান কাজ নির্যাতিত, নিষ্পেষিত ও অবহেলিত দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। এ সময় তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।
আবদুল্লাহ আল মামুন আরও বলেন, “দুই-চারজন অন্যায় করেছে, তাদের বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষে যারা নির্বাচন করেছে, তাদের কার্যক্রম কেন স্থগিত করা হলো? আমরা সবাই মিলে দল করেছি। তাহলে আমরা কেন কার্যক্রম থেকে বিরত থাকব?”
তার বক্তব্যে দলীয় কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত অন্যান্য নেতাকর্মীরাও স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আবদুল্লাহ আল মামুনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে থানা বিএনপির কার্যক্রম পুনরায় চালুর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।
দলীয় কার্যক্রম পুনরায় চালু এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন সভায় অংশ নেওয়া নেতারা।

