শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে মণ্ডপে মণ্ডপে শঙ্খধ্বনি প্রতিযোগিতা, বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তাঁর নেতৃত্বাধীন মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’ এবং নাগরিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ এসব কর্মসূচি বাস্তবায়ন করছে।
এরই অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর প্রাচীনতম দুর্গামণ্ডপগুলোর অন্যতম আমলাপাড়া সার্বজনীন দুর্গামণ্ডপে শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র—দুটি বিভাগে শতাধিক তরুণী ও নারী অংশ নেন। বিচারকদের মূল্যায়নে দুই বিভাগ থেকে ছয়জনকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগিতার আয়োজক ও প্রধান অতিথি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, নারায়ণগঞ্জের মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রায় ৫০০ বছরের সম্প্রীতির ইতিহাস রয়েছে। এই ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করতেই তাঁদের এ উদ্যোগ।
তিনি আরও বলেন, “আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা নিয়ে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। বিএনপি সরকারই হিন্দু সম্প্রদায়ের প্রকৃত বন্ধু।” আগামী দুর্গোৎসবে নারায়ণগঞ্জ পরিদর্শনে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
খোরশেদের নেতৃত্বে নেওয়া এসব কর্মসূচির লক্ষ্য দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও জোরদার করা বলে আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জৈনুদ্দিন আহম্মেদ বাচ্চু, অভয় রায়, প্রদীপ কুমার সাহা মন্টু, বিশ্বজিৎ সাহা, বুড়ান মুখার্জী, পলাশ দে, সানি সাহা, আনান সাহা, পুটু সাহা, পঙ্কজ সাহা, বিজয় সাহা, অর্ণব রায়, অভয় সরকার, জিৎ কর্মকার, প্রান্ত দে ও দীপ্ত ধর।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মিনাল চক্রবর্তী, পার্থ প্রদীপ সাহা ও হৃদয় দে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসবের সপ্তমীর দিন নগরীর গলাচিপা কুড়িপাড়া মণ্ডপেও শঙ্খধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি নগরীর ১০টি স্থানে বস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
দুর্গোৎসবকে কেন্দ্র করে এসব উদ্যোগের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি এবং নারায়ণগঞ্জের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন আয়োজকেরা।

