নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। কর্মসূচি থেকে দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানিতে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে মিছিলপূর্ব সমাবেশে প্রধান বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
সমাবেশে রাজীব বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির রাজনীতির অন্যতম লক্ষ্য হচ্ছে মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। সে কারণেই দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু একটি মহল সেই গণরায়কে প্রশ্নবিদ্ধ করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে।
রাজীবের অভিযোগ, ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তবে কোনো পরিস্থিতিতেই দলীয় নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দেন জেলা বিএনপির এই নেতা। তিনি বলেন, অগ্নিসংযোগ কিংবা নাশকতার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। বিএনপির নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে থেকে তাদের জানমাল ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকবেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রাজীব আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের উসকানিতে পা দেওয়া যাবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকেছেন। তাঁর নেতৃত্ব ও আদর্শ অনুসরণ করে নেতাকর্মীদের বক্তব্য, আচরণ ও রাজনৈতিক কর্মকাণ্ডে সংযম বজায় রাখতে হবে।
তিনি সতর্ক করে বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে বিএনপির নেতৃত্ব কিংবা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না হয়, সেদিকেও নেতাকর্মীদের নজর রাখতে হবে।
সমাবেশ শেষে হোসিয়ারি সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর চাষাঢ়া ও কালীবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হোসিয়ারি সমিতির সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সদর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক রানা মুজিব, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা মোক্তার হোসেন ভুঁইয়া, জুয়েল প্রধানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

