নারায়ণগঞ্জের বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি ও মাদকসেবীসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন, চুরির মামলায় চারজন, দস্যুতার প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের মামলায় দুজন, চারটি মাদক মামলায় চারজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন এবং মাদক সেবনরত অবস্থায় আরও ১৫ জন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন—মো. শফিউল আলম (৪৬) ও কবির ওরফে মোশারফ হোসেন (৫০)। পুলিশি নথিতে শফিউল আলমকে বন্দর উপজেলা ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং কবির ওরফে মোশারফ হোসেনকে বন্দর উপজেলা ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
চুরির মামলায় গ্রেপ্তার চারজন হলেন—মো. রাকিব ওরফে রকি (২৮), লোকনাথ দাস (৩০), হেলাল উদ্দিন (২৫) ও মো. রুবেল (৩০)।
এ ছাড়া দস্যুতার প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের মামলায় হিমেল (২৬) ও মো. সাগর (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
চারটি পৃথক মাদক মামলায় গ্রেপ্তাররা হলেন—মো. মোখলেছুর রহমান শুভ (৩০), মো. আউয়াল মিয়া (৪৮), মো. জাকারিয়া হোসেন ওরফে শুভ (৩০) ও অপূর্ব (২৪)। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জাহিদুর হাসান বাবুকেও গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

