ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে বলা হয় নীরব ঘাতক। কারণ শুরুতে তেমন কোনো উপসর্গ না থাকলেও নিয়ন্ত্রণে না থাকলে এটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতাসহ মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিতে পারে। চিকিৎসকের দেওয়া ওষুধ গুরুত্বপূর্ণ হলেও গবেষণায় বারবার উঠে এসেছে দৈনন্দিন খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনই রক্তচাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে। প্রকৃতির কিছু সাধারণ খাবার নিয়মিত খেলে শরীর নিজেই রক্তচাপ সামাল দেওয়ার শক্তি পায়।
এমনই ২০টি প্রাকৃতিক খাবারের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা, যেগুলো প্রতিদিনের ডায়েটে রাখলে উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে। আপেল নিয়মিত খেলে রক্তচাপ কমার সম্ভাবনা বাড়ে। এতে থাকা ফ্ল্যাভোনয়েডস রক্তনালিকে শিথিল করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
কমলা, লেবু বা মালটার মতো সাইট্রাস ফলে থাকা হেসপেরিডিন হৃদ্যন্ত্রের কার্যকারিতা বাড়িয়ে রক্তচাপ কমাতে সাহায্য করে।
কলা পটাসিয়ামে ভরপুর। এটি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিয়ে রক্তনালির ওপর চাপ কমায়।
কিউই ফল নিয়মিত খেলে কয়েক সপ্তাহের মধ্যেই রক্তচাপে ইতিবাচক পরিবর্তন দেখা যায়।
ব্লুবেরিতে থাকা অ্যান্থোসায়ানিন রক্তচাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে।
চিনি ছাড়া ডালিমের রস সিসটোলিক ও ডায়াস্টোলিক—দুই ধরনের রক্তচাপই কমাতে সাহায্য করে।
আখরোট রক্তপ্রবাহ উন্নত করে এবং হৃদপিণ্ডের ওপর চাপ কমায়।
পেস্তা বাদাম মানসিক চাপজনিত রক্তচাপ কমাতেও উপকারী বলে গবেষণায় দেখা গেছে।
বাদামে থাকা ফাইবার, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে।
স্যামন মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড নিয়মিত গ্রহণে রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
সারডিন মাছে রয়েছে ওমেগা-৩-এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ, যা হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী।
কেল, পালং শাক বা বাঁধাকপির মতো শাকসবজিতে থাকা নাইট্রেট রক্তনালিকে প্রসারিত করে রক্তচাপ কমায়।
বিটের রস প্রাকৃতিকভাবে রক্তপ্রবাহ বাড়িয়ে চাপ কমাতে সহায়তা করে।
কাঁচা গাজর নিয়মিত খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।
রসুন রক্তপ্রবাহ বাড়িয়ে রক্তচাপ কমাতে পরিচিত একটি প্রাকৃতিক উপাদান।
আদা নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে রক্তচাপ কমতে পারে, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে।
ডাল, মটর ও শিম নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়িয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
টমেটো এক্সট্রাক্টে থাকা লাইকোপিন রক্তচাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে।
ওটসে থাকা বেটা-গ্লুকান ফাইবার নিয়মিত খেলে রক্তচাপ ধীরে ধীরে কমে।
ব্রাউন রাইস বা ভুসিযুক্ত চাল খাওয়া মানুষের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম দেখা যায়।
প্রাকৃতিক খাবার শুধু পেট ভরায় না, বরং শরীরকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখার ভিত গড়ে তোলে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ওষুধের পাশাপাশি প্রতিদিনের খাবারের তালিকায় এই উপাদানগুলো যুক্ত করলে উপকার মিলতে পারে। তবে যাঁরা আগে থেকেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য পরিকল্পনা করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পথ।

