শ্রী রামকৃষ্ণের গৃহস্থ শিষ্য ও মহান সাধক শ্রী শ্রী দুর্গাচরণ সাধু নাগ মহাশয়ের ১৮০তম জন্মোৎসব নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী নারায়ণগঞ্জের দেওভোগে অবস্থিত সাধু নাগ মহাশয়ের আশ্রমে ভক্তদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওভোগের নাগ মহাশয় আশ্রমে গিয়ে শেষ হয়।
পরে পূজা-অর্চনা, প্রদীপ প্রজ্জ্বলন, যজ্ঞ, কেক কাটা এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
বিকেলে আশ্রম প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবানী শংকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী ব্রজনন্দ মহারাজ, আশ্রমের সভাপতি ননী গোপাল সাহা, সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক লিটন পাল, মানস দাস, কাজল দাসসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাধু নাগ মহাশয় অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তাঁর জীবন ও আদর্শ মানুষের চলার পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাঁর জীবনী পড়লে মানুষ আবেগাপ্লুত না হয়ে পারে না।
বক্তারা আশা প্রকাশ করেন, একদিন নাগ মহাশয় আশ্রম বাংলাদেশের কাশী হিসেবে পরিচিতি লাভ করবে।
সন্ধ্যায় গীতা পাঠ, সাধু নাগ মহাশয়ের জীবনী নিয়ে আলোচনা, শিশুদের কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়।

