এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, তোমাদের সফলতার কারণেই আজকের এই অনুষ্ঠান। সফলতা কী? যে কাজ আমরা করব, সেই কাজের চূড়ান্তভাবে বিজয় লাভ কিংবা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারাই আমাদের সফলতা।
সোমবার (২৪ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন বলেন, জ্ঞান অর্জনের লক্ষ্য যেহেতু ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ করা, তাই তোমাদের অর্জিত জ্ঞান দিয়ে প্রথমত তোমরা দুনিয়ার কল্যাণ লাভ করবে। এরপর আখিরাতের কল্যাণ লাভ করবে।
তিনি বলেন, যিনি তোমাকে ও আমাকে সৃষ্টি করেছেন, তিনি তাঁর বাণীতে সফলতার সংজ্ঞা ঘোষণা করে দিয়েছেন। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে এবং জান্নাত লাভ করতে পারে, সেই হলো সফল।
অনুষ্ঠানে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের সভাপতি আলী আকবর খান, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শিশির ঘোষ অমর, ফজলে খোদা সোহেল, রাজিব আহমেদ ও এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ডের পরিদর্শক মহিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাজী ফারহানা আক্তার ও ফারুক হোসেন রাজু।

