নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (৩৬) এবং পেচাইন এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে মো. আওলাদ হোসেন (৩৭)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চিটাগাংরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

