নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিগগিরই উভয় শাখায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে দলটি।
রোববার (১৬ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং দলীয় গঠনতন্ত্রের ৫১ ধারার উপধারা-৫ অনুযায়ী দলের সভাপতির অনুমতিক্রমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর—উভয় শাখায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান দুই কমিটি বিলুপ্ত হিসেবেই গণ্য হবে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি গঠনের মাধ্যমে নারায়ণগঞ্জে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

