রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ৫৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ‘এম’ ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ অভিযান চালায় ভাটারা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, সেখানে ১৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি পালনের প্রস্তুতি সভা চলছিল।
আটক ব্যক্তিরা নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। অভিযানের সময় তাদের সবাইকে একই ধরনের সাদা পাঞ্জাবি পরা অবস্থায় পাওয়া যায়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সভায় কয়েকজন শীর্ষ নেতার উপস্থিত থাকার কথা থাকলেও তারা সেখানে আসেননি। ফ্ল্যাটটির মালিকানা এবং সভার অর্থের উৎস সম্পর্কে তদন্ত করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে জড়ো হয়েছিলেন। অভিযানের সময় সেখান থেকে ব্যানার ও প্ল্যাকার্ড উদ্ধার করা হয়।
আটক ৫৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

